সেন্সরবোর্ডে আটকে কেন ‘ধূসর কুয়াশা’, নির্মাতা নিজেই জানেন না

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১০:৫৯
 
নায়িকা নিপূণের নতুন চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’। ছবিটি মুক্তির সময় নির্ধারণের যখন সময় তখনই সেন্সরে আটকে গেল। ছবিতে নবাগত নায়ক মুন্নার সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। শুটিং শেষে বেশকিছু অংশ সংশোধন করার পর সেন্সরে জমা দেওয়ার পরও ছবিটি এখনও আলোর মুখ দেখেনি।
 
গত জুলাই মাসে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। এরপর কিছুটা সংশোধন করে আবারও ছবিটি জমা দেওয়া হয় বলে জানিয়েছেন ছবির পরিচালক। সংশোধন কপি নিয়ে সেন্সরে ছবিটি জমা দেওয়ার পর ৩ মাস পেরিয়ে গেলেও ছাড়পত্র পায়নি ছবিটি।
 
এ প্রসঙ্গে ছবির পরিচালক উত্তম আকাশ বলেন, ‘আমি দীর্ঘদিন থেকে ছবি পরিচালনা করছি। জীবনে অনেক ছবি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছি। ক্যারিয়ারের এতদিন পার করার পর আমার ছবিটি কেন সেন্সরে আটকে রাখা হয়েছে তা বোধগম্য না। আর ছবিতে এমন কোনো সংলাপ বা দৃশ্য নেই যার কারণে নিষিদ্ধ করবে সেন্সর বোর্ড।’
 
ছবির প্রযোজক মাহবুবুর রশিদ মুন্না বলেন, ‘সেন্সর বোর্ড ছবিটি দেখার পর ৩টি কারণ দেখিয়ে ছাড়পত্র না দিয়ে আটকে রাখা হয়েছে। কিন্তু ওই ৩টি কারণ এ ছবিতে নেই। আমি বর্তমানে আপিল বোর্ডের নিকট আপিল করেছি। আমি আপিল বোর্ডের ফলাফল ইতিবাচক না পেলে হাইকোর্টের শরণাপন্ন হবো।’
 
অন্যদিকে, এ প্রসঙ্গে সেন্সর বোর্ড সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ধূসর কুয়াশা ছবিটি আপত্তিকর দৃশ্য আছে বলেই সংশোধনীর কথা বলা হয়েছে। সেই মিটিংয়ে আমি ছিলাম। কিন্তু পরবর্তীতে ছবিটি নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি জানি না। সংশোধনী ঠিক থাকলে অবশ্যই সেন্সর দেওয়া হবে।’
 
ইত্তেফাক/আনিসুর