জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় পৌঁছেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল ৩টার দিকে তিনি জনসভা মঞ্চে পৌঁছান।
এ সময় নেতাকর্মীরা করতালির সঙ্গে সঙ্গে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান নাম বলে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের মাঠ। খালেদা জিয়াও মঞ্চে দাড়িয়ে দুই হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
এর আগে বেলা আড়াইটায় রাজধানীর গুলশানের বাসভবন 'ফিরোজা’ থেকে তিনি গাড়িবহর নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দেন। বিপুল নেতাকর্মী পুরো রাস্তার গাড়িবহরে ছিলেন নিরাপত্তার দায়িত্বে।
এর আগে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দুপুর ২টায় সমাবেশের শুরু হয়। রবিবার বেলা ১১টা থেকে সমাবেশ মঞ্চে জাসাসের শিল্পীরা বিএনপির দলীয় সংগীতসহ দেশাত্মবোধক গান পরিবেশন করেন। দুপুর ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা পৌঁছান সমাবেশে।
দীর্ঘদিন পরে জনসভা হওয়া নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মিছিলের পর মিছিল আসছে সমাবেশস্থলে। দুপুর দেড়টার মধ্যে প্রায় ভরে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। বাড়ছে লোকজনের সমাগম। শাহবাগ, কাকরাইল, টিএসসি মোড়, মৎস্য ভবন, দোয়েল চত্বর, পলাশী এসব এলাকা দিয়ে দলে দলে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থানের নির্দেশনা দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ইতিমধ্যে ঢাকাসহ রাজধানীর আশপাশের জেলা ও মহানগর বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইলের নেতাকর্মীরা সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। সকাল ৯ টা থেকেই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান, রমনাপার্ক, ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট এবং এর আশেপাশে জড়োহতে শুরু করেন।
ইত্তেফাক/ইউবি
