সংসদের অষ্টাদশ অধিবেশন শুরু, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৮:১৯
 
দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন ১২ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ১০ কার্য দিবস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রবিবার সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন।
 
সভায় প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল ৪টায় শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। 
 
কমিটির সদস্য সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন। 
 
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/কেকে