‘নৌপুলিশকে শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলা হবে’

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৯:২১
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নবগঠিত নৌপুলিশকে একটি আধুনিক যুগোপযোগী ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য সরকার প্রয়োজনীয় জনবল, সরঞ্জামাদি ও অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করবে।
 
তিনি বলেন, ২০১৪ সালে কার্যক্রম শুরুর পর সরকার অনেক সীমাবদ্ধতার মধ্যেও নদী পথের বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি লঞ্চ, স্টিমার, নৌকা, ট্রলার, অবৈধ বাল্কহেড চলাচলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দুর্ঘটনার হার অনেক কমাতে সক্ষম হয়েছে।
 
আজ রবিবার রাজধানীর মিরপুর-১৪ নম্বরস্থ পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে নৌপুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহম্মদ মারুফ হাসান।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। 
 
এছাড়া বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সমিতির চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
 
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) মো. বেনজীর আহমেদ, কোস্ট গার্ডের ঢাকা জোনের কমান্ডার এটিএম রেজাউল হাসান, ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, জননিরাপত্তা তথা সার্বিক কল্যাণ সাধনে যুগোপযোগী পুলিশ বাহিনীর বিকল্প নেই। বর্তমান গণতান্ত্রিক সরকার নৌ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রযুক্তি, প্রশিক্ষণ, জনবল বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে, যার সুফল ইতোমধ্যে দেশের জনগণ পেতে শুরু করেছে। বাসস
 
ইত্তেফাক/কেকে