হুমায়ূন আহমেদ জন্ম উৎসব

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ০৯:৫৫
 
আজ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন উপলক্ষে শিলকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নান্দনিক নাট্য সম্প্রদায়ের উদ্যোগে জন্ম উৎসব আয়োজন করা হয়েছে। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্ম উৎসবের উদ্বোধন করবেন মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
 
অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, লেখক আহসান হাবিব, মেহের আফরোজ শাওন। সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে লেখক রচিত প্রথম মঞ্চনাটক। হুমায়ূন আহমেদ নাটকটিতে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ, শাসকদের একনায়কতন্ত্র ও খেয়ালিপনার বিরুদ্ধে মানুষের লড়াই তার নিজস্ব সাহিত্যরসে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন।
 
নাটকটির নির্দেশক বলেন, ‘স্যার নান্দনিকের মহড়া কক্ষে বসে নাটকটি রচনা করেন এবং সংলাপ রচনা করেন রাজনৈতিক খেয়ালিপনার বিরুদ্ধে।’
 
নাটকটির প্রযোজনা ব্যবস্থাপক সোহেল রানা বলেন, ‘প্রিয় লেখককে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছি। এটি নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা।’ নাটকটির নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজা। নামভূমিকায় অভিনয় করছেন আ মা মা হাসানুজ্জামান। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলুফার ওয়াহিদ, সোহেল রানা, শাহ আলম, অভীক মজুমদার, রনি, মারুফ, মাহিন প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর