আজ ১৩ নভেম্বর শোকাবহ হাতিয়া গণহত্যা দিবস। কুড়িগ্রামের উলিপুরে ১৯৭১ সালের এই দিনে পাক-হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-সাম্স বাহিনীর সহযোগিতায় নিরীহ ৬৯৭ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে।
উপজেলা সদর থেকে আট কিলোমিটার পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগারকুটি গ্রামের ঘুমন্ত এসব নিরীহ মানুষকে ধরে এনে পাকিস্তানি হায়েনারা নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা করে।
দাগারকুটি গ্রামটিকে ঘিরে স্মৃতিসৌধ নির্মাণ করে এলাকার মানুষজন প্রতি বছর শহীদদের স্মরণ করে আসছে শহীদ পরিবারসহ উলিপুর মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলা প্রশাসন দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
গণহত্যার শিকার শহীদ পরিবারগুলোর দাবি, হাতিয়া গণহত্যা দিবস জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় পালনসহ ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন করা হোক।
ইত্তেফাক/এমআর
