হাটহাজারী উপজেলা ছাত্রদল আহ্বায়ক নুরুল কবির তালুকদারসহ সাতজনকে আটক করেছে পুলিশ। হাটহাজারী পৌর এলাকার মোহাম্মদপুর গ্রামের লোকমান মুন্সীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃত অন্যান্যরা হলেন, মহিউদ্দিন রায়হান (২৫), মো. কায়সার হামিদ (২৪), মো. জিয়াউদ্দিন (২৫), মো. মামুন (২৫), রাজীব দে (২৬) ও দীপ্ত চৌধুরী (২৬)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে থানার উপ পরিদর্শক মাজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে মোহাম্মদপুর গ্রামের লোকমান মুন্সীর বাড়ীর রায়হানের ঘর থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল কবির তালুকদারসহ সাতজনকে আটক করেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের মধ্যে রাজীব দে ও দীপ্ত চৌধুরীর বাড়ী পাশ্ববর্তী রাউজান উপজেলায়।
উত্তরজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি বলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল কবির তালুকদারসহ অন্যান্যরা ওই বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু কেন পুলিশ তাদের আটক করেছে তা বোধগম্য নয়। আমরা আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
