ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার চাবিকাঠি হবে হ্যাজেলউড : স্টার্ক

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২০:১২
অসি পেসার মিচেল স্টার্কের মতে আসন্ন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার চাবিকাঠি হবে ডান-হাতি পেসার জশ হ্যাজেলউড। হ্যাজেলউডের লাইন-লেন্থ ইংল্যান্ড ব্যাটসম্যানদের সমস্যার প্রধান কারণ হবে বলে মনে করেন স্টার্ক। তিনি বলেন, ‘হ্যাজেলউডের লাইন-লেন্থ বোলিং সমস্যায় ফেলবে ইংল্যান্ড ব্যাটসম্যানদের। লাইন-লেন্থ বজায় রেখেই উইকেট নিতে পারদর্শী সে। অ্যাশেজেও সেই ধারাবাহিকতা বজায় থাকলে সমস্যায় পড়বে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।’
 
আগামী ২৩ নভেম্বর থেকে ব্রিজবেনে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। ওই সিরিজকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি বেশ আগ থেকেই শুরু করে দিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অ্যাশেজে নিজেদের সেরাটা দিতেই মুখিয়ে আছে দু’দল। তবে অ্যাশেজে ইংল্যান্ড ব্যাটসম্যানদের সমস্যার কারন হতে পারেন হ্যাজেলউড বলে মনে করেন অসি পেস তারকা স্টার্ক। 
 
হ্যাজেলউডকে নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বোলিং শুরু করবেন স্টার্ক। তাদের সাথে পেস অ্যাটাকে আরো থাকবেন ডান-হাতি পেসার প্যাট কামিন্স। সাইড স্ট্রেইন ইনজুরি থেকে সদ্যই ফিরে ঘরোয়া আসরে একটি ম্যাচ খেলেছেন হ্যাজেলউড। প্রথম শ্রেনির ওই ম্যাচে ৬ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া বিশ্রাম কাটিয়ে দীর্ঘদিন মাঠে ফিরছেন হ্যাজেলউড।
 
তাই আসন্ন অ্যাশেজেও ইংল্যান্ডকে সমস্যায় ফেলতে পারেন সতীর্থ হ্যাজেলউড বলে জানান স্টার্ক। সম্প্রতি শেফিল্ড শিল্ডের এক ম্যাচে ডাবল হ্যাট্টিক করেন স্টার্ক। তারপরও নিজের সতীর্থকে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার চাবিকাঠি বলছেন স্টার্ক, ‘লাইন-লেন্থে খুবই দারুণ বোলার হ্যাজেল। প্যাট ও আমি আক্রমণাত্মক বোলিং করবো। অন্যপ্রান্তে হ্যাজেলের লাইন- লেন্থ বোলিং ইংল্যান্ডকে সমস্যায় ফেলবে বলে আমার ধারণা। লাইন- লেন্থ দিয়েই উইকেট শিকারে পারদর্শী হ্যাজেল। অতীতেও এভাবে উইকেট শিকার করেছে সে। অ্যাশেজেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে হ্যাজেল। এতে সমস্যায় পড়বে ইংল্যান্ড। ’
 
অ্যাশেজকে সামনে রেখে ব্রিজবেনে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই অনুশীলন ক্যাম্পের জন্য শেফিল্ড শিল্ডে খেলতে পারছেন না অসিদের কিছু খেলোয়াড়। তাই অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকের ভরসা চার পেসার- স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স ও জ্যাকসন বার্ড একই সাথে অনুশীলনে ব্যস্ত। 
 
তারপরও শেফিল্ড শিল্ডে কিছু ম্যাচ খেলেছেন স্টার্ক। এ পর্যন্ত ১২ দশমিক ৭০ গড়ে ১৭ উইকেট নিয়েছেন তিনি। অ্যাশেজের শুরু থেকে নিজের সেরা ফর্মটা ধরে রাখতে মরিয়া স্টার্ক, ‘ঘরোয়া আসরের পারফরমেন্সে আমি খুশী। অ্যাশেজের শুরু থেকে এভাবে পারফর্ম করতে চাই। দলের সবাই একসাথে পারফর্ম করতে পারলে সাফল্য আমাদের পক্ষেই আসবে। আমাদের পেস অ্যাটাক নিয়ে আমি খুশী। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য বেশকিছু পরিকল্পনা আমরা করেছি এবং পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাই।’বাসস।
 
ইত্তেফাক/রেজা