ইবিতে বাস চালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১০:৫১
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাস চালকের বিরুদ্ধে তেল চুরির অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার রাতে প্রফেসর ড. আহসান উল আম্বিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। একই সাথে ওই বাস চালককে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাসের চালক মনসুর আহম্মেদের বিরুদ্ধে দুই বছরের ব্যবহৃত তেলের সাথে লগ বইয়ের হিসাব মতে প্রায় ৪ লাখ টাকার ব্যাপক গড়মিল থাকায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তক্রমে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।'
 
তিনি আরও বলেন, 'বিষয়টি খতিয়ে দেখতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহসান উল আম্বিয়াকে প্রধান করে এবং লাইব্রেরিয়ান আতাউর রহমানকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. এম এয়াকুব আলী। কমিটিকে যথাশীঘ্রই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।'
 
ইত্তেফাক/জামান