হেরে মৌসুমের ইতি টানলেন নাদাল

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১২:৩৪
চলতি মৌসুমে আর টেনিস কোর্টে নামা হচ্ছে না রাফায়েল নাদালের। এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের প্রথম ম্যাচেই হেরে গেছেন র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা বেলজিয়ামের ডেভিড গোফিনের কাছে। রাউন্ড রবিন পদ্ধতিতে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম ম্যাচ হেরেই শারিরীক অবস্থা বিবেচনায় নিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তাই বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই স্প্যানিশ টেনিস তারকার মৌসুম শেষ হয়ে গেছে এখানেই।
 
নাদাল প্রথম ম্যাচে হেরেছেন ৭-৬ (৭/৫), ৬-৭ (৪-৭), ৬-৪ গেমে। খেলা শেষে নাদাল জানিয়েছেন, তার হাঁটুর অবস্থা এখন ভাল নয়। তা সত্ত্বেও ম্যাচে নাদালকে হারাতে আড়াই ঘণ্টা লড়াই করতে হয়েছে গোফিনের। ম্যাচ শেষে ৩১ বছর বয়সী এই স্প্যানিশ তারকা বলেন, ‘আমাকে এখানেই থামতে হচ্ছে, মৌসুম শেষ। সত্যি আমি খেলতে প্রস্তুত নই।’   
IMG0
মৌসুমের শেষ ম্যাচ নিয়ে নাদাল বলেন, ‘এটি মৌসুমের শেষ ম্যাচ হতে পারে জেনেও আমি যথেষ্ট লড়াই করেছি। যদিও এটা কষ্টকর ছিল, কারণ খেলার মতো যথেষ্ট শক্তি পাচ্ছিলাম না।’ তবে নতুন মৌসুমে নতুনভাবে শুরু করার আশা প্রকাশ করেছেন ১৬ বারের গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা।
 
ইত্তেফাক/কেআই