আবাহনী মাঠে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব হবে ডিসেম্বরে

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৫:৫৬
বহুল আলোচিত ও প্রতিক্ষীত বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজনটি অবশেষে হতে যাচ্ছে। চলতি বছরই ২৬ ডিসেম্বর থেকে ধানমন্ডির আবাহনী মাঠে শুরু হবে পাঁচদিনের এই আয়োজন। বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু মঙ্গলবার দুপুরে জানান, এই বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে উপমহাদেশের যেসব শিল্পীর আসার কথা ছিল, তাদের ‘৮০ শতাংশ’ এই আয়োজনে যোগ দেবেন। উৎসবটি চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
 
লিটু জানান, আমরা ক্ল্যাসিক্যাল ফেস্টিভাল আয়োজনের জন্য মিরপুরের ইনডোর স্টেডিয়ামটি বরাদ্দ চেয়েছিলাম। আমাদের আবেদনে অর্থমন্ত্রীরও সায় ছিল। কিন্তু... এই আয়োজনটি করতে গেলে পরে টার্ফ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরে আয়োজনটি আমরা ধানমন্ডির আবাহনী মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নেই। এ বিষয়ে আমাদের অনুমতি নেওয়াও হয়ে গেছে।
 
তিনি আরো বলেন, আগামী সাতদিনের মধ্যেই একটি সংবাদ সম্মেলন ডেকে আয়োজনের বিস্তারিত তুলে ধরবে বেঙ্গল ফাউন্ডেশন।
 
এর আগে এ বছরই ২৩ নভেম্বর থেকে বেঙ্গল ফাউন্ডেশনের উচ্চাঙ্গসংগীত উৎসবের ষষ্ঠ আসরটি বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। কিন্তু সেনা ক্রীড়া সংস্থার অনুমতি না মেলায় সেই আয়োজনটি এ বছর করা হবে না বলে জানিয়েছিলেন আবুল খায়ের লিটু।
 
ইত্তেফাক/রেজা