ফরিদপুর শহরের আলীপুর এলাকার রওশন খাঁ সড়কের একটি পরিত্যক্ত ভবনের চার তলা থেকে অপহৃত এক যুবককে উদ্ধার ও চার অপহরণকারীকে আটক করেছে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল। মঙ্গলবার দিবাগত রাতে প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাটাগড় এলাকার সাথী আক্তার (২৫), বেদানা আক্তার (৩০), শহরের উত্তর আলীপুর এলাকার অন্তর (২৫) ও কুঠিবাড়ি কমলাপুরের হাসান (২২)।
ভুক্তভোগী যুবক ও জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরের সালথা উপজেলার যুবক রাকিবুল ইসলামের (২৫) সঙ্গে ফেসবুকে সাথী নামে এক মেয়ের বন্ধুত্ব হয়। ফেসবুক থেকে মোবাইল নম্বর নিয়ে তারা পরস্পরের সঙ্গে কথা বলেন। এরপর তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। মঙ্গলবার দুপুরে ওই মেয়ের সঙ্গে দেখা করতে সালথা উপজেলা থেকে ফরিদপুর শহরে আসেন রাকিব।
ফরিদপুর শহরে এসে সাথীকে ফোন দেন ওই যুবক। সাথী তখন যুবককে বলেন, শহরের আলীপুর এলাকার বাদামতলী ব্রিজের উপর আসতে। আরো বলেন, সেখান তার পরিচিত অন্তর ও হাসান তাকে রিসিভ করে বাসায় নিয়ে আসবে। রাকিব ওই ব্রিজের উপর আসলে অন্তর ও হাসান তাকে নিয়ে আলীপুর বাদামতলী সড়কের পরিত্যক্ত চারতলা একটি বাড়িতে নিয়ে যান। সেখানে সাথী ও তার অপর সহযোগী বেদানা নামে আরেক মেয়ে উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: আন্তর্জাতিক ত্রাণ নিতে আমরা প্রস্তুত: মাদুরো
এরপর সেখানে রাকিবকে আটকে ফেলে তারা। তাকে মারধোর করা হয়। একপর্যায়ে রাকিবের ফোন থেকে পরিবারের কাছে ফোন করে বিকাশে টাকা চাওয়া হয়। ঘটনা জানতে পেরে রাতেই রাকিবের পরিবার ফরিদপুরে এসে জেলা গোয়েন্দা পুলিশকে জানায়।
ফরিদপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, রাকিবের পরিবারের কাছ থেকে ঘটনা জানাতে পেরে বুঝলাম, টাকার জন্যই ছেলেটার সঙ্গে প্রতারণা করে ডেকে আনা হয়েছে। আমরা তখন প্রযুক্তির সহায়তা নিলাম। ভুক্তভোগীর পরিবারকে বললাম বিকাশ নম্বর নেওয়ার জন্য। বিকাশ নম্বরটির অবস্থান দেখা গেল ফরিদপুর শহরের একটি দোকানে।
ছদ্মবেশে গোয়েন্দা পুলিশ দোকানে অবস্থান নেয়। অপহরণ চক্রের এক সদস্য ওই দোকানে টাকা তুলতে আসলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আলীপুরের ওই বাড়িতে অভিযান চালিয়ে যুবককে উদ্ধার করা হয়। আর অভিযুক্ত তরুণী সাথী, তার সহযোগী বেদানা, অন্তর ও হাসানকে আটক করা হয়।
এই ঘটনায় ভুক্তভোগী যুবকের ভাই কোবাত হোসেন বাদী হয়ে ওই চারজনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছে।
ইত্তেফাক/জেডএইচ
