যেন নক্ষত্রের সমাবেশ মঙ্গলবার সন্ধ্যায় আলিপুরের তারকা চিহ্নিত হোটেলে! বক্তা ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি থিলঙ্গা সুমতিপালা। আর শ্রোতার আসনে ভারত, শ্রীলঙ্কা দুই দেশের অধিনায়ক বিরাট কোহালি ও দীনেশ চণ্ডীমলের নেতৃত্বে তাঁদের পুরো দল। উপস্থিত প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিন-সহ ভারতীয় ক্রিকেটের সাবেক ও বর্তমান তারকারা। সেখানেই ভারতের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব কোহলিকে নিয়ে গর্ব করলেন।
যাকে নিয়ে আলোচনাসভা, গোটা বিশ্বে ক্রিকেট প্রসারে তাঁর নিরলস প্রয়াস উৎকর্ষ বাড়িয়েছে এই সব আলোকিত ক্রিকেট নক্ষত্রদেরও। ‘জগমোহন ডালমিয়া অ্যানুয়াল কনক্লেভ’-এ বক্তব্য রাখতে গিয়ে বিরাটকে দেখে কপিলের মন্তব্য ‘সৌরভ আমাকে শুধু ডালমিয়া নিয়ে বলতে মানা করেছে। ভারতীয় ক্রিকেট নিয়েও বলতে হবে।’
এর পরেই হাসতে হাসতে বলেন, ‘বিরাট আমরা তোমার দিকে তাকিয়ে থাকি। জগমোহন ডালমিয়ার মতো তুমিও আমাদের নায়ক। ডালমিয়া ক্রিকেট বিশ্বে পরিবর্তন এনেছিলেন। বিরাট, তুমিও পারো ভারতীয় ক্রিকেটেকে আরও উচ্চ মঞ্চে পৌঁছে দিতে, যেখানে কেউ পৌঁছাতে পারে না। গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেট দলে তুমি এমন ফিটনেস-বিপ্লব আমদানি করেছে, যা দেখলে গর্ব হয়।’
অনুষ্ঠানের শুরুতে ডালমিয়াকে নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ক্রিকেট খেলার আগে থেকেই ওনাকে চিনি। ছোট থেকেই পারিবারিক সম্পর্ক। ক্রিকেট জীবনে কোন সমস্যা হলে, ওনার কাছে সমাধানের রাস্তা খুঁজে পেয়েছি।’
ইত্তেফাক/কেআই
