রাজধানীর তিলপাপাড়া কালভার্ট খালের অবৈধ দখলদার উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার দিনব্যাপী খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় অবস্থিত বক্স কালভার্ট খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সেখানে প্রায় ৩০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী ও তৌহিদ এলাহী। উচ্ছেদস্থল পরিদর্শন করেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. শাহিদুজ্জামান। উচ্ছেদ অভিযানে সহায়তা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উচ্ছেদকালে উপস্থিত ছিলেন রমনা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দিপ্তিময়ী জামান।
IMG0
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদি জানান, ঢাকা শহরকে বাসযোগ্য ও জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার সকল খাল হতে অবৈধ দখলদার উচ্ছেদ করবে ঢাকা জেলা প্রশাসন। প্রতি সপ্তাহে একাধিক উচ্ছেদ পরিচালনার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক। ইতোমধ্যে রাজধানীর বাইশটেকি, নন্দীপাড়া ত্রিমোহনী, সাংবাদিক, কালুনগর, কামরাঙ্গীরচর ইত্যাদি খাল উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। প্রতিসপ্তাহে এক বা একাধিক উচ্ছেদ অভিযানের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক খাল দখলমমুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। মোট ৩০০টি পাকা ও আধাপাকা স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। উচ্ছেদকৃত খালগুলো ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশন প্রকল্পের মাধ্যমে সৌন্দর্যবর্ধন ও পানিপ্রবাহ নিশ্চিত করবে।
অভিযানে উপস্থিত ছিলেন খিলগাও থানার ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২০ সদস্যের একটি দল, ঢাকা জেলা প্রশাসন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫০ জন কর্মকর্তা কর্মচারী।
ইত্তেফাক/ইউবি
