নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একটি পুকুর পুনর্খননের সময় প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বামইন ডেরিপাড়ায় চেয়ারম্যান বদিউজ্জামানের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান তার পুকুরটি পুনর্খনন করছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে পুকুর খনন করার সময় সকাল ১০টার দিকে শ্রমিকরা মূর্তিটি দেখতে পেয়ে চেয়ারম্যানকে সংবাদ দেন । পরে চেয়ারম্যান পুলিশকে জানালে বেলা ১১টার দিকে এসআই মুকুল হোসেন ও টিএসআই শিতল কুমার ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
নিয়ামতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটির আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটির ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইত্তেফাক/আরকেজি
