ঢাকা মহানগরীতে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর বিষয়টি পুনঃবিবেচনার জন্য সিটি করপোরেশন প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ঢাকা সিটি করপোরেশন এলাকায় হোল্ডিং ট্যাক্স বাড়ানোর বিষয়টি উত্থাপন করলে, তার বক্তব্যের সূত্র ধরে মন্ত্রী এ আহ্বান জানান।
আবু হোসেন বাবলা বলেন, বিভিন্ন গণমাধ্যমের সংবাদে জানা গেছে, ঢাকা মহানগরীতে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হচ্ছে। তবে যে পরিমাণ বাড়ানো হচ্ছে বলে জানা গেছে তা যদি হয়, তাহলে নগরীর মানুষের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। তিনি এই কার্যক্রম এখন বন্ধ রাখার দাবি জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, পত্রিকান্তরে জানা গেছে, ঢাকা সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্স ৯ গুণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। যদিও বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। উল্লেখিত পরিমাণ ট্যাক্স বাড়ানো হলে মানুষ তা গ্রহণ করবে না।
তিনি বলেন, অসহনীয় পর্যায়ে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হলে ঢাকার মানুষের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। এজন্য হোল্ডিং ট্যাক্স বাড়ানোর বিষয়টি পুনঃবিবেচনা করতে ঢাকা সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানাচ্ছি।বাসস
ইত্তেফাক/কেকে
