রাষ্ট্রপতির কাছে ৩ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২১:০২
 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্ভাবনা কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে সুদান, তাজিকিস্তান এবং ত্রিনিদাদ ও টোবাগোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিন দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের নিজ নিজ পরিচয়পত্র পেশকালে এ আহ্বান জানান তিনি।
 
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি এ সময় বহুপাক্ষিক সম্পর্কের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বিদ্যমান সম্পর্ক আরো সংহত করতে সরকারি ও বেসরকারি খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
 
বঙ্গভবনের এক মুখপাত্র জানান, বাংলাদেশে নবনিযুক্ত রাষ্ট্রদূতরা হলেন- সুদানের সিরাজুদ্দিন হামিদ ইউসেফ, তাজিকিস্তানের মীরজোশরিফ জালোলভ এবং ত্রিনিদাদ ও টোবাগোর হাইকমিশনার ড্যাভ চন্দলাল প্রসাদ। বিকেলে তারা বঙ্গভবনে পৌঁছালে তাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর পর তারা একে একে তাদের পরিচয়পত্র পেশ করেন।
 
তাদের পরিচয়পত্র গ্রহণ করে রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে তিনটি দেশের বিদ্যমান সম্পর্কের প্রশংসা করেন এবং পারস্পরিক স্বার্থে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনটি দেশের রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।
 
রাষ্ট্রপতি আবদুল হামিদ সুনির্দিষ্টভাবে বলেন, বাংলাদেশ সবসময়েই সবার সঙ্গে পারস্পরিক ও বহু পাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতি গুরুত্ব দিয়ে আসছে। তিনি আশা করেন আগামী দিনগুলোতে দেশগুলোর সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে। বাসস
 
ইত্তেফাক/কেকে