বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক বলেছেন, এবার সব পরীক্ষার্থীদের মুখমণ্ডল খোলা রেখে পরীক্ষা দিতে হবে। মোবাইল টেকনোলজির নকল ঠেকাতে কঠোরতার পাশাপাশি মোবাইল জ্যামার থাকবে কেন্দ্রগুলোতে। এতে করে পুরো কেন্দ্র নেটওয়ার্ক বিহীন থাকবে।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়াদি নিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ভিসি আরও বলেন, গত বছরের মতো এবারো ভর্তি পরীক্ষার্থীদের প্রচলিত “ঘ” ইউনিটের পরীক্ষায় অংশ গ্রহণ করতে হচ্ছে না। তবে স্ব স্ব ইউনিটে পরীক্ষা দেওয়ার মাধ্যমে শাখা পরিবর্তন ফি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের অন্য ইউনিটের বিভাগে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
ববির ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ৬টি অনুষদের ২২টি বিভাগের ১ হাজার ৩শত ৭৫টি আসনের বিপরীতে ৩২ হাজার ২শত ১৪জন শিক্ষার্থী আবেদন করেছেন। পূর্বের ২০ বিভাগের সাথে চলতি শিক্ষাবর্ষে ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি’ বিভাগ যুক্ত করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর ববিসহ নগরীর সরকারি বরিশাল কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি আলেকান্দা কলেজ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়, বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/আরকেজি
