সন্তান আব্রাম খান জয়কে বাসায় গৃহপরিচারিকার জিম্মায় রেখে কলকাতা গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, দিনভর এমন গুজবই ভেসে বেড়াচ্ছিল গনমামাধ্যমে। অবশেষে সেই গুজবেরই সত্যতা মিলল শুক্রবার রাত ৯টায় রাজধানীর গুলশান নিকেতনস্থ অপুর বাসায়।
বৃহস্পতিবার ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। ফিরেই শুক্রবার দুপুরে শুনতে পান এ ঘটনা। তারপরও যেন বিশ্বাস করতে পারছিলেন না।
তাই স্বচক্ষে দেখার জন্য রাত ৯টায় অপুর নিকেতনের বাসায় যান তিনি।
অপুর বাসায় গিয়ে শাকিব দরজায় নক করলে ভেতর থেকে এক নারী কণ্ঠ জানান, দরজা বাইরে থেকে তালা দেয়া। খোলার জন্য তাদের কাছে কোনো চাবি নেই। এ ঘটনায় শাকিব বেশ আতঙ্কিত বোধ করেন।
এ সময় তিনি জিজ্ঞেস করেন, অপু কোথায় গেছে? ভেতর থেকে উত্তর আসে, বিদেশে গিয়েছেন। কখন ফিরবেন সেটা তারা বলতে পারেননি। পরিচয় জানতে চাইলে ভেতর থেকে তার নাম শেলী বলে জানানো হয়। তখন শাকিব বলেন, শেলী কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাকে ফোন দেবে।
এরপর শাকিব নীচে নেমে আসেন। তখন তিনি তার সঙ্গে থাকা লোকজনের মাধ্যমে ঘটনাটি নিকেতন সোসাইটির নেতৃবৃন্দকে অবহিত করেন। সন্তানকে দেখতে না পেয়ে এ সময় তাকে বেশ বিমর্ষ লাগছিল।
তিনি সাংবাদিকদের বলেন, এটা কীভাবে সম্ভব? মাত্র এক বছরের একটি বাচ্চা ছেলেকে কাজের মেয়ের জিম্মায় বাইরে থেকে তালা লাগিয়ে কোনো মা কীভাবে দেশের বাইরে চলে যেতে পারে? এটা সন্তানের প্রতি মায়ের কেমন দায়িত্ব পালন?
তিনি বলেন, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এটা আমি মানতে পারছি না। আমার ছেলের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে এর দায় নেবে কে?
কলকাতার ছবি মাস্ক-এর শুটিংয়ে থাইল্যান্ড ছিলেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। শুটিং শেষ করে ১৬ নভেম্বর ঢাকায় ফিরেছেন তিনি। ফিরেই সন্তান আব্রামকে দেখতে যাওয়ার প্রস্তুতি ছিল তার। কিন্তু সন্তানকে না দেখেই ফিরতে হয়েছে তাকে।
এদিকে বিকালে থেকেই খবর ছড়িয়েছে অসুস্থ হওয়ায় সন্তান আব্রাম খান জয়কে বাসার গৃহকর্মী শেলীর কাছে রেখে কলকাতায় উড়াল দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যাওয়ার আগে কাউকে কিছু বলে যাননি তিনি।
খবর রটেছে, বৃহস্পতিবার রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান এ নায়িকা। এতে সিজারের সময় করা সেলাই ফেঁটে ব্লিডিং হতে থাকে তার। প্রাথমিকভাবে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে কলকাতায় যান অপু। তিনি এখন সেখানকার এ্যাপোলো হসপিটালে ভর্তি আছেন বলে জানা যায়।
ইত্তেফাক/রেজা
