শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১০:৫৮
আগামী বছর মার্চে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিকরা ছাড়াও এই সিরিজে খেলবে ভারতও। ৮ থেকে ২০ মার্চ হবে এই সিরিজ। লিগ পদ্ধতিতে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সবকটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
 
স্বাধীনতার ৭০ বছর উদযাপন উপলক্ষে শ্রীলঙ্কা এই ত্রিদেশীয় সিরিজের আয়োজন করছে। এই সিরিজ সম্পর্কে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এর প্রধান নির্বাহী রাহুল জহরি বলেন, ‘শ্রীলঙ্কার ৭০ বছর পূর্তি উদযাপনের অংশ হতে পেরে আমরা গর্ববোধ করছি। শ্রীলঙ্কা ছাড়া বিসিসিআই এর সবচেয়ে কাছের বন্ধু কেউ নেই| তাই এই ইভেন্টে অংশ নিতে সুমাথিপালার আমন্ত্রণ আমরা সাদরে গ্রহণ করেছি।’
 
এসএলসি প্রেসিডেন্ট থিলিঙ্গা সুমাথিপালা বলেন, ‘৭০ বছর অবশ্যই বড় সময়, এটা উদযাপন করা উচিত। আমি আনন্দিত যে নিকটবর্তী প্রতিবেশিরা সেই উদযাপনে যুক্ত হচ্ছেন। আমাদের ক্রিকেটের ইতিহাসে এটা একটা মাইলফলক হয়ে থাকবে।’
 
এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের প্রতি শ্রীলঙ্কার সমর্থন ও অবদান অনস্বীকার্য। এই আমন্ত্রণের মাধ্যমে প্রমাণিত হয় যে, শ্রীলঙ্কার সঙ্গে আমাদের বন্ধুত্ব এখন উচ্চ পর্যায়ে আছে। এই সিরিজ তিনজাতির বন্ধনকে আরও শক্তিশালী করবে।’-ক্রিকবাজ।   
 
ইত্তেফাক/কেআই