বাংলাদেশকে জঙ্গিদের অভয়ারণ্য হতে দেয়া হবে না : ভূমিমন্ত্রী

আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৭:০৬
 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সন্ত্রাসী, জঙ্গিদের অভয়ারণ্য বাংলার মাটিতে করতে দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। 
 
শনিবার দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার সংলগ্ন  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন। 
 
ভূমিমন্ত্রী শরীফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাসী। এদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, মাদক নির্মূল করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সেই চেতনা বাস্তবায়ন করছেন।
 
আটঘরিয়া উপজেলা এসিল্যান্ড গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রবিউল আউয়াল, আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আ. গফুর, মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু, পাবনা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. সেলিম, মুক্তিযুদ্ধকালীন কোম্পানির ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ।
 
 
ইত্তেফাক/ইউবি