যৌতুকের টাকা না পেয়ে গৃহবধুর কোমর, হাত পা ভেঙে দিয়েছে স্বামী

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ০৩:২৪

জামালপুরের সরিষাবাড়ীতে যৗতুকের টাকা না পেয়ে নির্যাতন করে গৃহবধূর কোমর, হাত-পা ভেঙে দিয়েছে স্বামী আনোয়ার হোসেন বুলু। বর্তমানে গৃহবধূ সৈয়দা আফরিন আক্তার খুশি জামালপুর জেনারেল হাসপাতালে ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

জানা যায়, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের বাসিন্দা মো. আমজাদ হোসেনের মেয়ে সৈয়দা আফরিন আক্তার খুশির সাখে একই উপজেলার শিমলা বাজারে বাসিন্দা ইলেকট্রিক মিস্ত্রি আনোয়ার হোসেন বুলুর ১২ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের দু’টি কন্যা সন্তানের জন্ম হয়। বড় মেয়ে আমেনা নার্সারিতে পড়ে এবং ছোট মেয়ে ফাতেমার বয়স এক বছর।

সৈয়দা আফরিন আক্তার খুশি জানান, বিয়ের পর থেকেই তার স্বামী আনোয়ার এবং তার স্বামীর পরিববারের সদস্যরা যৌতুকের টাকা দাবী করে চাপ দিয়ে আসছিল। টাকা এনে দিতে না পারলে মাঝেমধ্যেই খুশিকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হতো। গত ১৪ নভেম্বর মঙ্গলবার পৌরসভার শিমলা বাজার এলাকার একটি ভাড়া বাসায় খুশি ভাত রান্না করছিলেন। এ সময় তার স্বামী আনোয়ার বাসায় ফিরে ভাত রান্নার দেরি অজুহাতে খুশিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তার স্বামী আনোয়ার একটি লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে খুশির দু’হাত, দুই পা এবং কোমরের হাড়, হাতের একটি আঙুল ভেঙে শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়।

খুশির আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার বেগতিক দেখে তাঁকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে সুচিকিৎসার জন্য প্রেরণ করেন।

এ ব্যাপারে খুশির বাবা আমজাদ হোসেন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ইত্তেফাক/নূহু