বিয়েতে রাতভর নাচলেন সেরেনা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৩:৪৩
বিয়ে হয়ে গেল টেনিস দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের। সেরেনা উইলিয়ামস। টেনিস দুনিয়ায় একের পর এক রূপকথা যিনি লিখে এসেছেন এত দিন, তাঁর বিয়ে হল এক রূপকথার মঞ্চেই। যে বিয়ের থিম ছিল ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট।’
 
ছত্রিশ বছর বয়সী সেরেনা বিয়ে করলেন তার দীর্ঘদিনের বন্ধু অ্যালেক্সিস ওহানিয়ান-কে। নিউ অর্লিয়েন্সে বিয়ের এই অনুষ্ঠানে যাঁরা ছিলেন, তাঁদের কেউ কেউ বলেছেন, ‘পুরো পরিবেশটা মোহময় হয়ে উঠেছিল। মনে হচ্ছিল, একটা স্বপ্নরাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।’
IMG0
মার্কিন প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, বিয়েতে রাতভর নেচেছেন সেরেনা। সঙ্গে স্বামীকে ছাড়াও পেয়েছেন বেয়ন্সের মতো তারকাকে। সেরেনা আর অ্যালেক্সিসের মধ্যে প্রথম দেখা হয়েছিল বছর কয়েক আগে রোমের এক হোটেলে। হোটেলের রেস্তরাঁয় প্রাতরাশ করছিলেন সেরেনা। কাছের টেবিলেই বসেছিলেন অ্যালেক্সিস।
 
অ্যালেক্সিসকে দেখে একটু বিরক্ত হয়ে পড়েন সেরেনা। অ্যালেক্সিসকে ওখান থেকে সরানোর মতলবেই বলে ওঠেন, ‘এই হোটেলে অনেক ইঁদুর আছে।’ যা শোনার পরে অ্যালেক্সিসর পাল্টা জবাব ছিল, ‘আমি ব্রুকলিনের ছেলে। জীবনে প্রচুর ইঁদুর দেখেছি। সবসময় দেখি।’ এ কথা শোনার পরে সেরিনা তাকে ডেকে নেন পার্টিতে। বাকিটা, যাকে বলে ইতিহাস।
IMG1
বিয়ের অনুষ্ঠানে থাকা কেউ কেউ পরে বলেছেন, ‘দুর্দান্ত একটা অনুষ্ঠান হল। সবাই খুব উপভোগ করেছে। অতিথিদের কাউকে কাউকে তো ভোর পর্যন্ত পার্টি করতে দেখা গিয়েছে।’ আরও কিছু অভাবনীয় ব্যাপার দেখা গিয়েছে বিয়ের আসরে। যেমন সেরেনা পরেছিলেন স্নিকার! সারা রাত নাচতে হবে তো! বিয়ের আসরে হাজির থাকা অতিথিদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় বিভিন্ন ট্রফিও।
 
ইত্তেফাক/কেআই