‘টয়লেট পরিষ্কার করতে হবে কেন? মানুষ কি ওখানে খায়, নাকি মানুষ ওখানে ঘুমায়? টয়লেট তো টয়লেটই।’—এমন জোরালো গলায় কথা বলার সময়ও কি মানিক সাহেব জানতেন যে, এসব আচরণের জন্য তার মেয়ের বিয়েই ভেঙে যেতে পারে! জানলে হয়তো বলতেন না। এমন ঘটনা ঘটেছে বাংলাদেশেই। তবে বাস্তবে নয়। এটি দেখা যাবে একটি বিশেষ নাটকে।
রবিবার বিশ্ব টয়লেট দিবসে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে নাটকটি। নাটকের নাম ‘বিবাহ বিড়ম্বনা’। নাটকটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন। নাটকটিতে পঁচা মানিকের মজাদার চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। অন্যদিকে, তার মেয়ের চরিত্রে দেখা মিলবে উর্মিলা শ্রাবন্তী করকে। তার সাথেই মূলত ইরেশ যাকেরের বিয়ে। নাটকটিতে ইরেশ যাকের, ফারজানা চুমকি, উর্মিলা শ্রাবন্তী কর, সোহেল খানের পাশাপাশি রিয়াজসহ আরও অনেক পরিচিত মুখকে দেখা যাবে।
আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় নাটকটি প্রচার হবে।
ইত্তেফাক/রেজা
