একটি পরিপুর্ন ফিট দল চান পাকিস্তান ক্রিকেট অধিনায়ক সরফরাজ আহমেদ। জাতীয় দলের সকল খেলোয়াড়কে তাদের ফিটনেস লেভেলের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানিয়েছেন সরফরাজ। আন্তর্জাতিক সূচি না থাকায় বর্তমানে বিশ্রামে রয়েছে পাকিস্তান দল। তবে জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় ন্যাশনাল টি-২০ টুর্নামেন্টে অংশ নেবে। বছরের পর বছর যাবতই পাকিস্তান দলে ফিটনেস একটি বড় ইস্যু হয়ে আসছে।
আইসিসি টি-২০ র্যাংকিয়ের শীর্ষে ওঠা দলটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতেছে। তবে টেস্টে দলটি ভাল করতে পারছেনা। এ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে শ্রীলংকার কাছে বাজেভাবে পরাজিত হয়েছে পাকিস্তান।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে সরফরাজ বলেন, ‘টি-২০’র শীর্ষে উঠতে পেরে আমি নিজে এবং পুরো দল সত্যিই খুশি। এটা অনেক বড় একটা অর্জন। যা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়েছে। তবে পরবর্তী সিরিজগুলোর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের আরো অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ করা দরকার। যাতে কিউইদের বিপক্ষে সিরিজে পুরো শক্তি অর্জন করতে পারি। আমরা ন্যাশনাল টি-২০ খেলতে যাচ্ছি যেটা দলের ফিটনেসের জন্য সহায়ক হবে। তবে আরো কিছু করা দরকার।’
গত মাস পর্যন্ত সংক্ষিপ্ত ভার্সনের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজে ভাল করার বিষয়ে আশাবাদী সরফরাজ।
সরফরাজ আরো বলেন, ‘একমাত্র টেস্ট ম্যাচ ছাড়া শ্রীলংকার বিপক্ষে আমরা সত্যিকারার্থেই ভাল করেছি। এখন আমরা ওয়ানডে ও টি-২০ সিরিজ খেরতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছি, সেখানে ভাল করার বিষয়ে আমরা আশাবাদী। সঠিক কম্বিনেশন নিয়ে খেলতে পারলে জয় নিয়েই দেশে ফিরতে পারব বলে আশা করছি।’
কঠিন সফরের জন্য দলের ফিটনেস নিয়ে কাজ করছে বলেও জানান সরফরাজ। তিনি বলেন, ‘আপনি যখন দেশের বাইরে খেলতে যাবেন, কন্ডিশন সব সময়ই কঠিন এবং আপনার প্রতিপক্ষের অনুকূলে।’ যে কারণে আমরা নিজেদের ফিটনেস নিয়ে কাজ করছি।’
ইত্তেফাক/রেজা
