বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্রুত অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে যোগাযোগের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
আজ শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। দশম জাতীয় সংসদে এটি ছিল এ কমিটির ২৬তম বৈঠক। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, ডা. মো. এনামুর রহমান, কুজেন্দ লাল ত্রিপুরা এবং সাবিনা আক্তার তুহিন অংশ গ্রহণ করেন।
কমিটি বিটিএমসি’র মিলগুলো পিপিপি’র আওতায় বাস্তবায়নের ক্ষেত্রে পিপিপি’র অগ্রাধিকার ভিত্তিক অঞ্চল নির্ধারণ ও বিনিয়োগের সুবিধা, তাঁত বোর্ডের সমস্যা, রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং বিজেএমসি’র অধীনস্থ পাটকলগুলোর সম্পদের পরিমাণ, মামলা মোকদ্দমার বর্তমান অবস্থা ও সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
১৩৬তম আইপিইউ সম্মেলন ও ১৬৩তম সিপিএ সম্মেলনে আগত বিদেশী অতিথিদের মধ্যে পাট পণ্যের বিষয়ে যারা আগ্রহ প্রকাশ করেছেন তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখা ও বহির্বিশ্বে পাটের বাজার সম্পসারণ, রাশিয়া ও জাপানে পাট পণ্যের মেলা আহ্বানের ব্যাপারেও কমিটি সুপারিশ করে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসি, বিটিএমসি ও তাঁত বোর্ডের চেয়ারম্যানগণ, পাট অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস।
ইত্তেফাক/এমআই
