‘উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছতে সমাজতন্ত্র কার্যকর চেতনা’

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২০:২০
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শান্তি ও উন্নয়নের সুফল ঘরে-ঘরে পৌঁছতে সমাজতন্ত্রকে সবচেয়ে কার্যকর চেতনা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, সমাজতন্ত্র যেমন চাষি-শ্রমিক-মজুরদের গণতন্ত্রে অংশ নিতে শেখায়, তেমনি জঙ্গিবাদ, দুর্নীতি ও বৈষম্য দূর করার সংগ্রামকেও এগিয়ে নেয়। তাই সমৃদ্ধির সুফল প্রতিঘরে পৌঁছতে এটি সবচেয়ে কার্যকর পথ। একারণেই সংবিধানে সমাজতন্ত্র জাতীয় চার মূলনীতির অন্তর্ভুক্ত।
 
আজ রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধে গেরিলা প্রশিক্ষক ও বাসদ নেতা আ ফ ম মাহবুবুল হকের স্মরণে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন হাসানুল হক ইনু। 
 
তথ্যমন্ত্রী বলেন, আ ফ ম মাহবুবুল হক ছিলেন সমাজতন্ত্রের লক্ষ্য সামনে রেখে মুক্তিযুদ্ধসহ সকল জাতীয় ও গগণতান্ত্রিক সংগ্রামে অংশ গ্রহণের মৃত্যুঞ্জয়ী উদাহরণ। রাজনীতিতে তার আপোষহীন লড়াই এ দেশের বামপন্থী নেতাদের পথ দেখাবে। 
 
জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রবসহ বিশিষ্ট মুক্তিযোদ্ধারা, সমাজতান্ত্রিক রাজনীতিক ও গবেষকরা এ সভায় বক্তব্য রাখেন।
 
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আ ফ ম মাহবুবুল হক গত ১০ নভেম্বর কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। বাসস
 
ইত্তেফাক/কেকে