বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।
আজ রবিবার সফররত সিসিপিআইটির (চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড) ৯ সদস্যবিশিষ্ট এক বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম এই আহ্বান জানান।
সিসিপিআইটি (চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড) প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চায়নিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি)’র ভাইস চেয়ারম্যান লিন জিয়ং।
শেখ ফজলে ফাহিম বাংলাদেশ সরকারের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা যেমন- ট্যাক্স হলিডে, করপোরেট কর সুবিধা ইত্যাদি গ্রহণ করে চীনা ব্যবসায়িদেরকে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান এবং সমুদ্র বন্দরগুলোর সুবিধা গ্রহণ করে চীনা ব্যবসায়ীরা এদেশে বিনিয়োগের সুযোগ গ্রহণ করতে পারেন। তিনি ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডাসহ বিশ্বের অনেক দেশে রফতানির ক্ষেত্রে বাংলাদেশ যে শুল্কমুক্ত, কোটামুক্ত সুবিধা পেয়ে থাকে তা গ্রহণ করে চীনা ব্যবসায়িদেরকে এদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
লিন বাংলাদেশের সঙ্গে চীনের ঐতিহাসিক বন্ধৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এফবিসিসিআই এবং সিসিপিআইটির মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।
গত বছর চীনের প্রধানমন্ত্রী শি শিনপিংয়ের বাংলাদেশ সফরের ফলে বন্ধুত্বপূর্ণ কৌশলগত অংশিদারিত্ব আরও জোরদার হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বাসস
ইত্তেফাক/কেকে
