জয়ের খোঁজে রংপুর

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ০৯:২২
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে নিজেদের সামর্থ্যের সেরাটা খেলতে পারেনি রংপুর রাইডার্স। ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালামের মতো বিধ্বংসী ব্যাটসম্যান নিয়েও পরাজয়ের বৃত্ত ভাঙতে পারেনি মাশরাফি বিন মুর্তজার দল। চার ম্যাচের তিনটিতে হেরে যাওয়া রংপুর আজ আবার মাঠে নামছে।
 
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিরুদ্ধে খেলবে রংপুর। তবে দিনের দ্বিতীয় ম্যাচটি হতে পারে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যেখানে জয়ের ছন্দে থাকা ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
 
সাত ম্যাচে সিলেটের জয় তিনটি। দলটির হয়ে আজ খেলতে নামবেন পাকিস্তানের সময়ের সেরা ব্যাটসম্যান বাবর আজম। নাসির হোসেনের সিলেটের বিরুদ্ধে জয়ের সন্ধানেই নামবে রংপুর। দলটির উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, একটি জয়ই বদলে দিতে পারে রংপুরকে।
 
গতকাল ঐচ্ছিক অনুশীলনের পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘এটা দুঃখজনক যে দলের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা এখনো খেলতে পারিনি বলেই তলানিতে আছি; কিন্তু আমার মনে হয় যে দুই তিনজন একেবারেই নতুন প্লেয়ার এসেছে, যদিও তারা হাই প্রোফাইল প্লেয়ার। দুই একটা ম্যাচ সবারই প্রয়োজন হয় একটা দলের সাথে একাত্ম হতে। আমি বিশ্বাস করি এই দলটা যখন জেতা শুরু করবে ধারাবাহিকভাবেই জিততে থাকবে। সেই ক্ষমতা তারা রাখে কারণ তাদের ব্যাটিং বোলিং দুটোই সমৃদ্ধ।’
 
এদিকে ঢাকা-কুমিল্লা ম্যাচে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই। ছয় ম্যাচের চারটি জিতে শীর্ষে আছে শক্তিশালী ঢাকা। টানা চার জয়ে দারুণ ছন্দে আছে ভারসাম্যপূর্ণ দল কুমিল্লাও। দুই দলের জন্যই ম্যাচটি হবে এগিয়ে যাওয়ার লড়াই।
 
ইত্তেফাক/কেআই