‘হালদাতে ভিন্ন চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন’

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ০৯:৩৯
 
প্রতীক্ষার শুরু সেই পোস্টার প্রকাশের সময় থেকেই। নির্মাতা তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘হালদা’ কেমন হবে তার এক ঝলক দেখার অপেক্ষা দর্শকের বহুদিনের। চলচ্চিত্রটির ট্রেইলারে জাহিদ হাসান, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবুর মতো শক্তিমান অভিনয়শিল্পীরা নিজ নিজ চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুললেও চমকে দিয়েছেন তিশা।
 
সাধারণত শহুরে বা মফস্বলের আধুনিক তরুণী হিসেবে এতদিন তিশাকে দেখা গেলেও এই সিনেমায় তার চরিত্রটি হালদা নদীপাড়ের এক স্থানীয় গ্রাম্য বধূর।ক্ষমতাবান স্বামী ও সাধারণ এক জেলে প্রেমিকের মাঝে নিজের ভালোবাসার টানাপোড়েন থাকা এই চরিত্রটি দারুণভাবে উঠিয়ে এনেছেন তিশা। তাঁতের শাড়ি আর সাবেকী গয়নার সাজে তিশার নতুন চরিত্রের নতুন লুকও নজর কেড়েছে ট্রেইলারে। 
 
এ ছবি নিয়ে তিশা বলেন, ‘চলতি বছরের শেষ সময়টা আমার জন্য বেশ ভালো যাচ্ছে। ডুব ছবিটি মুক্তির পর বেশ সাড়া পেয়েছে। এবার হালদা মুক্তি পাচ্ছে, ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী। আশা করছি দর্শক ছবিটিকে বেশ ভালোভাবে গ্রহণ করবে বলে।’ 
IMG0
চলচ্চিত্রটিতে নিজের চরিত্র নিয়ে তিশা বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম হাসু। ছবিটি যে বাড়ির গল্পকে ঘিরে নির্মিত হয়েছে আমি সেই বাড়ির মেয়ে। আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। অনেক সুন্দর একটি গল্পের ছবি। হালদাতে ভিন্ন একটি চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। আমি চেষ্টা করেছি আমার অভিনীত চরিত্রটি ছবিতে সুন্দর করে তুলে ধরতে। আশা করি ছবিটি দর্শকরা পছন্দ করবেন।’
 
আজাদ বুলবুলের লেখা গল্প ও তৌকীর আহমেদের পরিচালনায় এ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, দিলারা জামান প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর