পেরেরার রিভিউ নিয়ে বাকযুদ্ধে ভারত-শ্রীলঙ্কা

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৪:২৬
ডিসিশন রিভিউ সিস্টেম-ডিআরএস নেয়া নিয়ে দিলরুয়ান পেরেরা রীতিমতো ভারতীয়দের তোপের মুখে রয়েছেন। বিশেষ করে ভারতীয় মিডিয়া এ নিয়ে তাকে তুলোধুনো করে ছাড়ছে। তবে লঙ্কান ক্রিকেট বোর্ড-এসএলসি অবশ্য এ ধরনের অভিযোগ উড়িযে দিয়েছে। গতকাল রবিবার কলকাতা টেস্টের চতুর্থ দিনের খেলা চলছিল। এদিন দিলরুয়ান পেরেরাকে এলবিডব্লু দিয়েছিলেন আম্পায়ার নাইজেল লং। পরে রিভিউ নিয়ে সেই যাত্রায় বেঁচে যান তিনি।
 
ওই রিভিউ নেয়ার সিদ্ধান্ত নিয়ে ভারতীয় মিডিয়া এখন রীতিমতো সরগরম। টিভি ধারাভাষ্যাকাররা বলছেন, ড্রেসিংরুম থেকে ইশারা পেয়ে রিভিউ নিয়েছিলেন পেরেরা। টিভি রিপ্লেতে দেখা যায়, ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে ড্রেসিংরুমের দিকে তাকান পেরেরা, পরে ফিরে এসে ডিআরএসের আবেদন করেন।
 
ইডেনের কমেন্ট্রি বক্স থেকে বেরিয়ে আসা নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল বলেন, ‘ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরুর পরও সে ক্রিজে এসে রিভিউয়ের জন্য আবেদন করছে, এটা খুব দৃষ্টিকটু লেগেছে।’ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রাসেল আর্নল্ড বলেন, ‘এটা হয়তো অভ্যাসবশত করে ফেলেছে পেরেরা। তবে আবেদন করার জন্য ১৫ সেকেন্ড সময়টা বড্ড কম। এটা নিয়ে আর একটু ভাবা উচিত আইসিসির।’ আর ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার দাবি তুলেন, নিয়ম করে ড্রেসিংরুমের সাহায্য নেওয়াটা বৈধ করে দেওয়া উচিত।
 
দিলরুয়ানের সঙ্গে সেই সময় ক্রিজে ছিলেন রঙ্গনা হেরাথ। তিনি পরে সাংবাদিকদের বলেন, ‘আমিই তখন নাইজেলের কাছ থেকে রিভিউ চাইছিলাম। হয়তো দিলরুয়ান ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তা শুনতে পেয়ে ক্রিজে ফিরে আসেন। আমি তখন নাইজেলের দিকে তাকিয়ে ছিলাম বলে তা খেয়াল করিনি।’
 
ভারতের পেসার ভুবনেশ্বর কুমার অবশ্য এ নিয়ে কিছু বলতে পারেনি সাংবাদিক সম্মেলনে। দিনের খেলা শেষে সাংবাদিকরা এ বিষয়ে তাকে প্রশ্ন করলে ভুবনেশ্বর বলেন, ‘আমরা তখন একে অপরকে অভিনন্দন জানাতেই ব্যস্ত ছিলাম। জানতামই না যে, ওরা আবেদন জানিয়েছে। তা ছাড়া এই ব্যাপারে যতক্ষণ না আম্পায়াররা কিছু বলছেন, ততক্ষণ আমাদের কিছু বলা উচিত নয়।’
 
অবশ্য এসএলসি এক বিজ্ঞপ্তিতে বলেছে, এত সব অভিযোগ ওঠার মানেই হয় না। রিভিউয়ের আবেদন করার সুযোগ শেষ হয়ে গিয়েছে ভেবে পেরেরা বেরিয়ে গিয়েছিলেন। হেরাথ আম্পায়ারকে জিজ্ঞেস করেন, রিভিউ বেঁচে আছে কি না। আম্পায়ার জানান, হ্যাঁ বেঁচে রয়েছে। সেই ইতিবাচক উত্তর পেয়েই পেরেরা ক্রিজে ফিরে এসে রিভিউয়ের আবেদন করেন।
 
ইত্তেফাক/কেআই