পাঁচদিনের রিমান্ডে জঙ্গি তানভির

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৭:৫২
রাজধানীতে পান্থপথ হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গি হামলার ঘটনায় জড়িত গ্রেফতারকৃত তানভির ইয়াসিন করিমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার আদালতে পুলিশ তাকে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
 
তানভিরকে রবিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে গুলশানের আজাদ মসজিদ এলাকা থেকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিট। সে জঙ্গি সংগঠনের জন্য অর্থ সরবরাহ করত। সে অর্থ দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এ হামলার মূল পরিকল্পনাকারী আকরাম হোসেন খান নিলয়কে অর্থ দেয়। 
 
ডিএমপি’র মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান এসব তথ্য জানান।
 
মাসুদুর রহমান জানান, চলতি বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে জঙ্গি হামলার পরিকল্পনার ঘটনায় কলাবাগান থানায় দায়েরকৃত মামলার তদন্তকালে পুলিশ জানতে পারে তানভির ইয়াসিন করিম এর সঙ্গে জড়িত রয়েছেন। জঙ্গি কার্যক্রমে অর্থ সরবরাহ করার বিষয়টি তানভির পুলিশের কাছে স্বীকার করেছে।
 
ইত্তেফাক/এমআই