জালিয়াতি : জাবিতে ভর্তি হতে এসে ২ শিক্ষার্থী আটক

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২০:২২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার ভর্তি হতে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আটক করে পুলিশে দেয়। 
 
আটককৃত ভর্তিচ্ছুরা হলেন, বরিশালের নোমানুল হক রিমন। তিনি বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদে (‘সি’ ইউনিট) ২৪তম স্থান লাভ করে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হতে এসে শিক্ষকদের কাছে ধরা পড়েন। অপরজন নেত্রকোনা জেলার সীমান্ত দেবনাথ। তিনি বিজনেস স্ট্যাডিজ অনুষদে (ই ইউনিট) ১১৬তম হয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি হতে এসে আটক হন। 
 
নোমানুল হক রিমনের ব্যাপারে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ‘বাড়তি সতর্কতার জন্য আমরা ভর্তিচ্ছুদের হাতের লেখা, কাগজপত্র যাচাই-বাছাই করেছি। এতে আটককৃত শিক্ষার্থীর ভর্তি পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গে গড়মিল পাওয়া যায়। এ ছাড়া সে অনেক প্রশ্নের উত্তর দিতে পারেনি।’ 
 
সীমান্ত দেবনাথের ব্যাপারে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন সহযোগী অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা বলেন,  ‘ভর্তি হতে আসলে সংশ্লিষ্ট বিভাগে তার হাতের লেখা যাচাই করলে উত্তরপত্রের সঙ্গে গড়মিল পাওয়া যায়।’ 
 
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াতির কথা স্বীকার করেছে। তাদের দুজনকে আশুলিয়া পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’
 
ইত্তেফাক/ইউবি