মিথ্যাচারের কারণে বিএনপি আজ ধ্বংস: হানিফ

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২০:৩২

আওয়ামী লীগ কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, দেশে দুই ধারার রাজনীতি চালু রয়েছে। একটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মহাজোট ও অপরটি দেশের সম্পদ লুণ্ঠনকারী মিথ্যাচারী বিএনপি-জামায়াতের রাজনীতি। বিএনপি মিথ্যাচারের মাধ্যমে দাবী করে জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাহলে মমতাজ উদ্দিন কার ডাকে ২৩ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন? মিথ্যাচারের কারণেই বিএনপি আজ ধ্বংস হয়ে গেছে।

বুধবার বিকেলে বগুড়া জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাহবুবুল আলম হানিফ বলেন, বগুড়ায় ১৯৭১ সালের ২৩ মার্চ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেছিলেন প্রয়াত মমতাজ উদ্দিন।  ছাত্রজীবন থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত তিনি আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতা ছিলেন। আমরা তার পরিবারের পাশে থাকবো। মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাসী মমতাজ উদ্দিন তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বগুড়াকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতে রূপান্তরিত করে গিয়েছেন। 

আরও পড়ুন: সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হলে আইন মানতে হবে: তথ্যমন্ত্রী

বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্বর সিদ্দিক, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলেমান আলী, প্রয়াত মমতাজ উদ্দিনের ছোট ছেলে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাছুদুর রহমান মিলন প্রমুখ।

ইত্তেফাক/অনি