বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ইতালির ছিটকে পড়ার পর প্রথম দফায় কোচ জিয়ান পিয়েরো ভেনতুরাকে বরখাস্ত করা হয়েছিল। এবার সরে দাঁড়ালেন দেশটির ফুটবল সভাপতি কার্লো তাভেচ্চিও। গত বুধবার তার নির্দেশেই কোচকে সরে যেতে হয়েছিল। দেশটির ফুটবল ফেডারেশন সূত্র সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ের প্লে-অফে সুইডেনের কাছে হেরে বিশ্বকাপের চূড়ান্তপর্বে ওঠতে ব্যর্থ হয় ইতালি। এর ফলে ১৯৫৮ সালের পর প্রথম কোনো বিশ্বকাপের বাইরে থাকছে চারবারের এই বিশ্ব চ্যাম্পিয়ন। ইতালির রেফারিস অ্যাসোসিয়েশনের সভাপতি মার্সেলো নিচ্চি সাংবাদিকদের জানিয়েছেন, রোমে এফআইজিসি’র বৈঠকে তাভেচ্চিও পদত্যাগ করেছেন।
৭৪ বছর বয়সী এই ইতালিয়ান ফুটবল কর্মকর্তা রবিবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘টেকনিক্যাল সমস্যাই এই ধ্বংসের কারণ। কোচ টেকনিক্যাল জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়েছেন।’ ২০১৪ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে ইতালির বিদায়ের পর জিয়ানকার্লো আবেতের স্থলাভিষিক্ত হন তাভেচ্চিও। গত মার্চে ফের একইপদে নির্বাচিত হন তিনি।
ইত্তেফাক/কেআই
