দেশব্যাপী বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঘোষিত চলমান সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদফতরের ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের লক্ষ্যে এ কর্মসূচি চলছিল।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সঙ্গে এক সভায় ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ইউনিয়ন নেতারা।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাছাইকৃত দুই হাজার ৬৬৭ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিতকরণের প্রস্তাব প্রশাসনিক সংস্কার বিষয়ক সচিব কমিটিতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের ইতিবাচক মতামত পাওয়া গেছে। সওজ’র অবশিষ্ট চার হাজার ৩৯২ জন ওয়ার্কচার্জড কর্মচারীর বিষয়ে প্রচলিত বিধিবিধান অনুযায়ী দ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান, মোহাম্মদ বেলায়েত হোসেন, যুগ্মসচিব হুমায়ুন কবির খোন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/কেকে
