দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন কুসিক মেয়র

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৯:৩৯
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। বর্তমানে সাক্কুর বিরুদ্ধে আর কোনো মামলা নেই। ঢাকার ৮নং বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহম্মদ তাকে মঙ্গলবার ওই মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। এদিকে ওই মামলা থেকে মেয়রের অব্যাহতি পাওয়ার খবরে নগরীতে বিএনপি দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছাস ছড়িয়ে পড়ে।
 
সাক্কুর আইনজীবী সূত্রে জানা যায়, মঙ্গলবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। মনিরুল হক সাক্কুর আইনজীবী মাসুদ আহম্মদ তালুকদার তার অব্যাহতির আবেদন করেন। অপরদিকে দুদকের আইনজীবী সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন করার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মামলায় অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান না থাকায় আদালত সাক্কুকে অব্যাহতি প্রদান করেন। 
 
সাক্কুর আইনজীবী মাসুদ আহম্মদ তালুকদার বলেন, মেয়র সাক্কুর বিরুদ্ধে হয়রানির জন্য এ মামলা দায়ের করা হয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে তাকে অব্যাহতি প্রদান করেন। বর্তমানে সাক্কুর বিরুদ্ধে আর কোনো মামলা নেই। 
 
উল্লেখ্য, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে মনিরুল হক সাক্কু দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। পরে ওই অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল দুদক। 
 
এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় কুসিক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলার অভিযোগ সঠিক ছিল না, তাই আমি আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি।
 
ইত্তেফাক/আরকেজি