পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে সেই কিশোরীর ধর্ষণকারী গ্রেফতার

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:১৮

সিলেটের ওসমানীনগরে কিশোরী ধর্ষণের মামলার প্রধান আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস. এম. আল মামুন ও এস আই মুমিনুল ইসলামে নেতৃত্বে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিনার আলী ওরফে কওছর মিয়া (২৬) উপজেলার সাদীপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা।
 
মামলার বিবরণে জানা যায়, উপজেলার রহমতপুর গ্রামের লতিব মিয়ার ছেলে মিনার মিয়া ও পার্শ্ববর্তী উত্তর কালনীচর গ্রামের তাইদ উল্লার ছেলে মখলু মিয়া গত ২৫ মার্চ রাতে খেলার অজুহাতে রহমতপুর গ্রামের ওই কিশোরীর  বাড়িতে যায়। এক সুযোগে তারা ওই কিশোরী ছাড়া ঘরের অন্য সবাইকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করে। মধ্য রাতে মিনার ও মকলু মিয়া কিশোরীকে মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। 

পরদিন সকালে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে স্থানীয় ব্যক্তিদের শরণাপন্ন হয়। রহমতপুর গ্রামের মতিন মিয়া, মনির মিয়া, মকরম মিয়া গংরা বিষয়টি টাকার বিনিময়ে সমাধান করতে চাইলে কিশোরীর ভাই তাতে রাজি হননি। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা জানতে পেরে ধর্ষিত কিশোরীসহ তার পরিবারের লোকদেরকে ওসমানীনগর থানা পুলিশের নিকট পাঠায়। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে মিনার মিয়া ও মখলু মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: মসজিদের সিঁড়িতেই মনিরকে খুন করেন মাদ্রাসার অধ্যক্ষ

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামিকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। 

ইত্তেফাক/অনি