রোনালদো-বেনজেমায় শেষ ষোলোতে রিয়াল

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১০:১৩
ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। এদিকে ‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আগেই শেষ ষোলো নিশ্চিত করা ইংলিশ জায়ান্ট টটেনহ্যাম হটস্পার। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে টটেনহ্যাম এবং ১০ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দ্বিতীয়। আগামী ৬ ডিসেম্বর শীর্ষ এ দু’দলের মুখোমুখি লড়াই হবে। কারা গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে, সেই ম্যাচেই তা নির্ধারিত হবে। 
IMG0
অতিথি হয়ে খেলা রিয়ালের পক্ষে রোনালদো জোড়া গোল করে রেকর্ড গড়েছেন। এর আগে নিজের করা এক পঞ্জিকাবর্ষের ১৬ গোলের রেকর্ড ভেঙেছেন তিনি। এখনো চলতি বছর এক ম্যাচ বাকি আছে। আর রোনালদোর গোল দাঁড়িয়েছে ১৮টি। রিয়ালের পক্ষে একটি করে গোল করেছেন নাচো এবং লুকা মডরিচ।
IMG1
রিয়াল প্রথম গোলের দেখা পায় ২৩ মিনিটে। এ সময় ফাঁকায় বল পেয়ে জোরালো ভলিতে জালে পাঠান ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মডরিচ। প্রথমার্ধে আরও তিন গোল করে রিয়াল। ৩৯ মিনিটে টনি ক্রুসের লম্বা পাস থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন বেনজেমা। দুই মিনিটের ব্যবধানে কর্নার থেকে উড়ে আসা বল রাফায়েল ভারানে মাথা স্পর্শ করলে গোলমুখে বল পান নাচো। সেই বল টোকা দিয়ে জালে পাঠিয়ে দেন এই স্প্যানিশ ডিফেন্ডার। প্রথমার্ধের যোগ করা সময়ে রোনালদোর পাসে আরও এক দফা ব্যবধান বাড়ান বেনজেমা।
IMG2
প্রথমার্ধে চার গোল হলেও রোনালদো জাদুটা রেখে দিয়েছিলেন দ্বিতীয়ার্ধের জন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করেন রোনালদো। ৪৯ মিনিটে মার্সেলোর ক্রসে হেডের সাহায্যে প্রথম গোলটি করেন। দ্বিতীয় গোলটি করেন প্রতিপক্ষের ভুলে। সামনে এগিয়ে গোলরক্ষক নিজে বল ক্লিয়ার করার চেষ্টা করলেও তাতে পুরোপুরি সফল হননি। সেই বল বেনজেমার পায়ে লেগে বাঁ দিকে চলে গেলে সেখান থেকে কোনোকুনি শটে ব্যক্তিগত দ্বিতীয় ও দলীয় ষষ্ঠ গোল করেন রোনালদো।
 
ইত্তেফাক/কেআই