বিশ্বকাপের ড্র’তে একমঞ্চে থাকবেন ম্যারাডোনা-লিনেকার

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৩:৫০
স্মৃতিটা একজনের জন্য রোমাঞ্চকর, অপরজনের বেদনার। ১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ‘ঈশ্বরের হাত’ দিয়ে গোল করে গ্যারি লিনেকারের ইংল্যান্ডকে বিদায় করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেবার আর্জেন্টিনা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে। ইতিহাসে মুখোমুখি দাঁড়িয়ে থাকা এই দুই ফুটবলারকে এক মঞ্চে পাচ্ছে ফুটবলপ্রেমীরা। আগামী ১ ডিসেম্বর ক্রেমলিন প্যালেসে রাশিয়া বিশ্বকাপের ড্র’তে একমঞ্চে থাকবেন দুজনই।
 
এই জমকালো অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবেন ম্যারাডোনা। আর লিনেকার হবেন অনুষ্ঠানটির সঞ্চালক। মঞ্চে উপস্থিত থাকবেন আরও অনেক কিংবদন্তি ফুটবলার। বিশ্বকাপ জেতা ৮টি দেশের প্রতিনিধি থাকবে এই ড্রয়ে সহযোগিতার জন্য। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করবেন লিনেকার। তার দেশ ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করবেন ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী গোলরক্ষক গর্ডন ব্যাংকস।
 
এছাড়াও ড’তে অন্য দলগুলোকে সহায়তা করবেন সেসব দেশের সাবেক ফুটবল তারকারা। যার মধ্যে থাকবেন ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের লঁরা ব্লাঁ, ২০০২ সালে ব্রাজিলকে সর্বশেষ বিশ্বকাপ জেতানো কাফু ও ইতালির চতুর্থ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো। ১৯৩০ ও ১৯৫০ সালের চ্যাম্পিয়ন উরুগুয়ের প্রতিনিধিত্ব করবেন দিয়েগো ফোরলান, স্পেনের ২০১০ সালের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার কার্লোস পুয়োল। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির পক্ষে থাকবেন মিরোস্লাভ ক্লোসা, মঞ্চে তিনিই আনবেন বিশ্বকাপ ট্রফি।
 
ইত্তেফাক/কেআই