অস্ট্রিয়ার ভিয়েনায় স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের ৭ম সম্মেলন এতে যোগদানের উদ্দেশ্যে বুধবার সকালে ঢাকা ছেড়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) মহাপরিচালক লি ইয়ং-এর আমন্ত্রণে তিনি এ সম্মেলনে যোগ দিচ্ছেন। ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে ২৩ ও ২৪ নভেম্বর ইউনিডো আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনে ইউনিডোর সদস্যভুক্ত দেশগুলোর শিল্পমন্ত্রী, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক শ্রমসংস্থা (আইএলও), জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা-আঙ্কাটার্ড, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, ল্যান্ডলক উন্নয়নশীল দেশ ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্বকারী অফিস (ইউএন-ওএইচআরএলএলএস), সাউথ সেন্টারসহ আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, অর্থনীতিবিদ, শিল্প গবেষক, পরিবেশবিদ, নীতিবিশেষজ্ঞ, বিশ্ববরেণ্য শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বর্তমান সরকারের আমলে বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈচিত্র্যকরণ, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্প, বাণিজ্য ও বিনিয়োগনীতি, অবকাঠামোর উন্নয়ন, সবুজ প্রযুক্তির ব্যবহার ইত্যাদি সম্পর্কে তুলে ধরবেন।
সম্মেলনে এলডিসিভুক্ত দেশগুলোর কাঙ্খিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে উদ্ভাবনী অর্থায়ন সমাধান, বেসরকারিখাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের বিষয়ে উপস্থিত মন্ত্রী ও নীতিনির্ধারকরা আলোচনা করবেন। শিল্পমন্ত্রীর আগামী ২৫ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে। বাসস।
ইত্তেফাক/এমআই
