শাহজালালে স্বর্ণের বার ও আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২০:৪২
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৩ হাজার ৪শ’ শলাকা বিদেশি সিগারেট ও ২৩২ গ্রাম স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃতরা হলেন- মো. পারভেজ ও মো. আলিম। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিগারেটগুলো ১১৭ কার্টুনে ভর্তি ছিল। আটক পণ্যের শুল্ককরসহ মূল্য প্রায় ১৭ লাখ ৭০ হাজার টাকা।
 
তিনি আরও জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুবাই থেকে আসা নাইন-ডব্লিও-২৭২ ফ্লাইটের একটি বিমান ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। ওই সময় শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখে। ওই বিমানের যাত্রী পারভেজ ২ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রত অতিক্রম করে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং তার সাথে থাকা ১টি লাগেজ খুলে সেখানে আমদানি নিষিদ্ধ ২৩ হাজার ৪শ’ বিদেশি সিগারেট জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
 
অপর দিকে একই ফ্লাইটে দুবাই থেকে আসা আলিম নামে অপর এক যাত্রীর পকেট থেকে ২৩২ গ্রাম ওজনের ২টি স্বর্ণেরবার জব্দ করা হয়। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে দুই যাত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/এমআই