ময়মনসিংহের মুক্তাগাছায় যাত্রীবাহী বাসের চাপায় হেলপার নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শহরতলী ভাবকীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসটির হেলপার সড়কে পড়ে যান। এরপর ওই বাসটিরই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের নাম এবং পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। বয়স আনুমানিক ৩৫ বছর হবে।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান
