নেত্রকোনার আটপাড়ায় কৃষক আবুল মনসুরকে (২৬) কুপিয়ে হত্যার দায়ে আসামি রুবেল মিয়াকে (২৭) মৃত্যুদণ্ডাদেশ এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা বৃহস্পতিবার দুপুরে আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মোগলহাটা গ্রামের মো. সিদ্দিক মিয়ার পুত্র আবুল মনসুরের সাথে একই গ্রামের মো. হেলিম মিয়ার পুত্র রুবেল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আবুল মনসুর বিগত ২০১২ সালের ৮ অক্টোবর বেলা আড়াইটার দিকে গনেশের বিলে জমিতে কাজ করতে গেলে রুবেল মিয়া তাকে দা দিয়ে কুপিয়ে নৃসংশভাকে হত্যা করে। এ ব্যাপারে নিহতের পিতা মো. সিদ্দিক মিয়া বাদী হয়ে রুবেল মিয়াসহ তিন জনকে আসামি করে ১০ অক্টোবর আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৩ সালের ২১ মে আদালতে আসামি রুবেল মিয়ার বিরুদ্ধে চার্জশীর্ট দাখিল করে। বিচারক ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। আসামি রুবেল মিয়ার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উপরোক্ত রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি (চলতি দায়িত্বে) অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দিলোয়ারা বেগম।
ইত্তেফাক/এমআই
