রাজধানী মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে কাজল হোসেন (৩০) নামে এক ব্যাংক কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাত মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে। কাজল মতিঝিলে আইসিবি ব্যাংকের এমএলএস ছিলেন। কিছুদিন ধরে পেশাগত বিষয় নিয়ে মানসিক চাপে ভুগছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী শীলা আক্তার।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আর তিনি আত্মহত্যা করে থাকলে এর নেপথ্য কারণ কী তা জানার চেষ্টা চলছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, কাজল হোসেন পরিবার নিয়ে থাকতেন সাত মসজিদ রোডের ভাড়া বাসায়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাশতা তৈরির সময় হঠাৎ ভারী কিছু পড়ার শব্দ পান তার স্ত্রী শীলা। এরপর তিনি বাইরে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছেন তার স্বামী। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিটি হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কাজল হোসেনের গ্রামের বাড়ি পাবনার চাটমোহরের চন্দ্রবিল গ্রামে।
শীলা আক্তার হাসপাতালে জানান, বাসার তিন তলা ভবনের ছাদ থেকে তার স্বামী লাফ দেন বলে জানতে পেরেছেন। ব্যাংকের কোনো বিষয় নিয়ে তিনি দুই সপ্তাহ ধরে মানসিক চাপে ভুগছিলেন। অফিস থেকে বাসায় ফিরেও অস্থির হয়ে থাকতেন। স্বামীর এমন অবস্থা দেখে তাকে চাকরি ছেড়ে দেয়ারও পরামর্শ দিয়েছিলেন শীলা। তবে কাজল তাতে রাজি হননি। এই দম্পতির সিজান নামে দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।
ইত্তেফাক/ইউবি
