বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৯:৩৫
 
বগুড়ায় ক্লিনিক, ওষুধের দোকান ও বেকারি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। এসময় ১৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। র‌্যার সদর দফতরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাওসুল আযমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
 
অভিযানে অংশ নেওয়া র‌্যাব কর্মকর্তারা জানান, বগুড়া শহরের বিসিক শিল্প নগরী এলাকায় আকবরিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে প্রথমে অভিযান চালানো হয়। সেখানকার পরিবেশ নোংরা, ১৭টি পণ্যের অনুমোদন না থাকা এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় ৪লাখ টাকা জরিমানা করা হয়। 
 
এরপর কানুছগাড়ির শুভেচ্ছা ক্লিনিক, আস্থা ক্লিনিক এবং রহমান নগরের সিটি ক্লিনিকে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পরীক্ষাগার এবং পরিবেশ নোংরা থাকায় জরিমানা করা হয়। এরমধ্যে শুভেচ্ছা ক্লিনিকে ৫লাখ, সিটি ক্লিনিকে ৩লাখ এবং আস্থা ক্লিনিকে ২লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই সময় কানুছগাড়ি এলাকার ফাতেমা ঔষধালয়ে মেয়াদোত্তীর্ণ বিদেশি ওষুধ রাখায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও উপস্থিত ছিলেন র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর এসএম মোরশেদ, বগুড়া জেলা ড্রাগ সুপার আহসান হাবিব, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী ও বিএসটিআই বগুড়ার মাঠ কর্মকর্তা দেবব্রত বিশ্বাস।
 
ইত্তেফাক/আরকেজি