প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর বিবৃতি দাবি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ০৮:৫২
 
পাবলিকসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদল জাতীয় পার্টির (এ) সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
 
বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, প্রাথমিকেও প্রশ্ন ফাঁস হয়েছে। এর সঙ্গে শিক্ষকরা জড়িত। এসব কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী কী ব্যবস্থা নেবেন তা জানতে চেয়ে সংসদে ৩০০ বিধিতে বিবৃতির দাবি করছি। 
 
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে বিরোধী দলের এই এমপি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আলোকবর্তিকা। কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থার কী করুণ অবস্থা সেটা কী আমাদের জানা আছে?    প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? এটা হওয়ার কারণ কী? কারণ হচ্ছে শিক্ষা নিয়ে বাণিজ্য। কোচিং সেন্টার, নোট বই জমজমাটভাবে চলছে।
 
তিনি বলেন, প্রাথমিক স্তরের একজন ছাত্র যদি নকল শেখে তবে তারা জাতির জন্য কী করবে? এর থেকে আমরা মুক্তি পেতে চাই। শিক্ষিত জাতি গড়ে তুলতে না পারলে এই জাতির স্তম্ভ ভেঙে পড়বে।
 
তিনি বলেন, পরীক্ষার একঘণ্টা আগে প্রশ্ন দেয়া হয় তারপরও প্রশ্ন ফাঁস হয়। এর কারণ শিক্ষকরা; তারা প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠান, সঙ্গে সঙ্গে বাইরে থেকে প্রশ্নের উত্তর চলে আসে। কাজেই প্রযুক্তি একদিকে যেমন কল্যাণ করছে, অন্যদিকে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে কী করা হবে সে বিষয়ে ৩০০ বিধিতে শিক্ষামন্ত্রীর বিবৃতি দাবি করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
 
ইত্তেফাক/ইউবি