আওয়ামী লীগের ভোট ব্যাংক নষ্ট করতেই ঠাকুরপাড়ায় হামলা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২৩:১৩
 
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আওয়ামী লীগের ভোট ব্যাংক নষ্ট করতেই ঠাকুরপাড়ায় হামলা করা হয়েছে। এ ঘটনার মূলে কারা জড়িত সেই বিষয়ে তদন্ত চলছে, খুব শিগগিরই বেড়িয়ে আসবে কে বা কারা অপরাধী। তবে অপরাধীরা যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। 
 
রংপুরে ফেসবুকে ধর্মীয় অবমাননার স্ট্যাটাসকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভাংচুর ও বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশের হিন্দুদের দেশ ছাড়া করার দিন শেষ হয়ে গেছে। এই দেশ সকল ধর্মের মানুষের। এখানে সকল ধর্মের মানুষ নিরাপদ। 
 
প্রতিমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের ১২ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, হুইপ শহিদুজ্জামান সেলিম, সংসদ সদস্য মনোরঞ্জন গোপাল, সংসদ সদস্য রনজিত রায়, সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি