আমি শুধু ‘একলব্য’ হয়ে উঠতে চেয়েছি: মামুন চৌধুরী রিপন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ০৯:৫৬
 
‘দিলীপ দা’কে চ্যালেঞ্জ মনে করার সাহস আমার কখনও ছিল না, নেই। উনি একলব্যকে ওনার মতো করে উপস্থাপন করেছেন, নিয়ে গেছেন আকাশ চূড়ায়। আমি চেষ্টা করেছি আমার মতো করে।’ 
 
রাজধানীর শিল্পকলা একডেমিতে ইত্তেফাকের সঙ্গে এক আড্ডায় কথাগুলো বলছিলেন দেশনাটক প্রযোজিত ‘নিত্যপূরাণ’ নাটকের একলব্য চরিত্রের অভিনেতা মামুন চৌধুরী রিপন। দেশের প্রখ্যাত নাট্যকার মাসুম রেজার রচনা ও নির্দেশনায় ১৪ বছর আগে ঢাকার মঞ্চে এই নাটকটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। সেইসাথে একলব্য চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন শক্তিমান অভিনেতা দিলীপ চক্রবর্তী। পরে এই অভিনেতার মৃত্যুর পর বন্ধ হয়ে যায় নিত্যপুরাণের মঞ্চায়ন। সেসময় অনেকেই মত দিয়েছিলেন, দিলীপের জায়গা পূরণ করা সম্ভব না। তাই স্বাভাবিকভাবে একযুগ পরে নিত্যপুরাণ মঞ্চে আসার খবরে শুরু হয় কানাঘুষা, কে হচ্ছেন একলব্য? পারবেন তো ঠিক মতো?
 
এ বিষয়ে মামুন চোধুরী বলেন, ‘দেশনাটক বলতেই অনেকে নিত্যপুরাণ বোঝেন, আর নিত্যপুরাণ মানেই দিলীপ চক্রবর্তী। তাই আমি কখনও দিলীপ দা হওয়ার চেষ্টা করিনি। আমি হতে চেয়েছি নিত্যপুরাণের নতুন একলব্য।’
 
নতুন একলব্য কতটুকু একলব্য হয়ে উঠতে পেরেছেন? এমন প্রশ্নের উত্তরে নাট্যকার মাসুম রেজা বলেন, আমি যতটুকু তার কাছে আশা করেছিলাম তার চেয়ে বেশিই পেয়েছি এবং সামনের দিনগুলোতে মামুন যে আরো ভালো করবে সেই আভাসও পাচ্ছি।