মুকসুদপুরে দুর্বৃত্তদের হামলায় নিহত ১

আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১১:১২
 
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় ইলিয়াছ মুন্সি (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে।
 
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের দুই গ্রুপের লোকজনের মধ্যে বেশ কিছুদিন যাবত গোলমাল, হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইলিয়াছ মুন্সীকে প্রতিপক্ষের দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে।
 
নিহতের পরিবারের জানায়, ইলিয়াছ মুন্সি একটি মামলার বাদী থাকায় প্রতিপক্ষের লোকজন তাকে মামলা তুলে নেয়ার জন্য প্রায়ই হুমকি দিয়ে আসছিলো।
 
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে গোবিন্দপুর গ্রামের নবাব কাজীর ছেলে ওমর কাজী ও মুকতার কাজীর ছেলে জাফর কাজীকে গ্রেফতার করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর তৎপরতা চালানো হচ্ছে।
 
ইত্তেফাক/জামান